নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ চরপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার বাদী মো. আবুর বাসার ওরফে রতন মিয়া জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে জমিজমা ও গাছপালা নিয়ে বিরোধ চলে আসছিল। অভিযোগে বলা হয়, গত ৫ মে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় বসতঘরে ঢুকে পরিবারের সদস্যদের মারধর, কুপিয়ে জখম এবং ঘরবাড়ি ভাঙচুর করা হয়।
অভিযোগ অনুযায়ী, হামলায় রতন মিয়ার ছেলে উজ্জল মিয়া ও কামরুল হাসান, স্ত্রী মমতা বেগম এবং মেয়ে দিনা আক্তার গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বাদীর দাবি, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে। একই সঙ্গে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনকে আসামি করে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৪২৭, ৩৮০, ৫০৬ ও ৩৪ ধারাসহ একাধিক ধারা উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ.আই.এল/সকালবেলা