চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা কারাগারে

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৬:২৩ অপরাহ্ণ
চেক জালিয়াতি মামলায় জামায়াত নেতা কারাগারে

মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুরে ৭৬ লক্ষ টাকার চেক ডিজনার মামলায় জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি হারুনুর রশীদকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 

সোমবার (১১ মে) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান।

এর আগে গত রবিবার (১০ মে) দুপুরে জামালপুর পৌর এলাকার সরদারপাড়া থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় মেলান্দহ থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করতে সক্ষম হয়।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ব্যবসা প্রসারের কথা বলে এরশাদ আলী নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৭৬ লক্ষ টাকা ধার নেন হারুনুর রশীদ। টাকা ফেরত দেওয়ার সময় অতিবাহিত হলেও তিনি তা পরিশোধ করেননি। পরবর্তীতে পাওনাদার এরশাদ আলী জামালপুর আদালতে চেক জালিয়াতির মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে হারুনুর রশীদের অনুপস্থিতিতেই তাঁকে এক বছরের কারাদণ্ড এবং ৭৬ লক্ষ টাকা পরিশোধের আদেশ দেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, "আদালতের সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই হারুনুর রশীদ পলাতক ছিলেন। গ্রেফতারি পরোয়ানা হাতে পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। আজ সোমবার আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন