আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ণ
আরও দুই যাত্রীর শরীরে হান্টাভাইরাসের সংক্রমণ

প্রমোদতরী থেকে যাত্রীদের নিজ নিজ দেশে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্যেই আরও দুইজনের শরীরে হান্টাভাইরাস শনাক্তের খবর পাওয়া গেছে। সোমবার (১১ মে) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নতুন এই দুই রোগীসহ এ পর্যন্ত মোট নিশ্চিত আক্রান্তের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে। 

ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ত জানিয়েছেন, ‘এমভি হন্ডিয়াস’ ক্রুজ শিপে থাকা এক নারী যাত্রীর শরীরে ভাইরাসটি ধরা পড়েছে এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সংক্রমণ রোধে ফ্রান্সে সংস্পর্শে আসা ব্যক্তিদের আইসোলেশন জোরদার করতে নতুন ডিক্রি জারি করা হয়েছে।  যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগ জানিয়েছে, বিশেষ ফ্লাইটে দেশে ফেরা এক মার্কিন নাগরিকের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া আরেকজনের শরীরে মৃদু উপসর্গ দেখা দিয়েছে। সতর্কতাস্বরূপ তাদের বিমানের বিশেষ ইউনিটে রাখা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং আরও একটি সম্ভাব্য মৃত্যুর কথা জানিয়েছে। শুক্রবার পর্যন্ত চারজন হাসপাতালে ভর্তি ছিলেন, যাদের মধ্যে একজন দক্ষিণ আফ্রিকায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন।

এমভি হন্ডিয়াস জাহাজটি ক্যানারি দ্বীপপুঞ্জের তেনেরিফ উপকূলে নোঙর করার পর এই প্রাদুর্ভাব সামনে আসে। প্রাদুর্ভাব শনাক্ত হওয়ার আগেই যারা জাহাজ থেকে নেমে গিয়েছিলেন, স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন তাদের খুঁজে বের করে পর্যবেক্ষণে রাখার চেষ্টা করছে। কীভাবে এই প্রাদুর্ভাবের সূত্রপাত হলো, তা এখনও তদন্তাধীন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন