৫৬ দিনে হাম উপসর্গে আক্রান্ত অর্ধলক্ষাধিক, মৃত্যু ৩৫০

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
৫৬ দিনে হাম উপসর্গে আক্রান্ত অর্ধলক্ষাধিক, মৃত্যু ৩৫০

দেশে হামের প্রকোপ ভয়াবহ রূপ ধারণ করেছে। গত ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত মাত্র ৫৬ দিনে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে ৩৫০ জনের, যাদের অধিকাংশই শিশু। সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য থেকে এসব উদ্বেগজনক পরিসংখ্যান পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রবিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।  গত ৫৬ দিনে মোট ৩৫০ জন মারা গেছেন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৬৫। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ৫০ হাজার ৫০০ জন। এর মধ্যে ৬ হাজার ৯৩৭ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৩৫ হাজার ৯৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৯২ জন।

পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্ত ও মৃত্যু উভয় ক্ষেত্রেই শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ।  আক্রান্ত ১৫ হাজার ৭১৮ জন; মৃত্যু ১৪১ জন। রাজশাহীতে আক্রান্ত ৪,৩৭৩ (মৃত্যু ৭৮), চট্টগ্রামে ৬,৫৫৫ (মৃত্যু ২৯), বরিশালে ৩,০৩৬ (মৃত্যু ২৯), এবং খুলনায় ৩,২৮৮ (মৃত্যু ১৮)। রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা ৪১৮ এবং মৃত্যু হয়েছে ৪ জনের।

গত এক দিনেই দেশে নতুন করে ১ হাজার ৩৪৮ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। হঠাৎ করে এই সংক্রমণের ঊর্ধ্বগতিতে স্বাস্থ্য বিশেষজ্ঞ ও অভিভাবকদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন