নাজমুল হক চৌধুরী, নিজস্ব প্রতিবেদক (নরসিংদী): নরসিংদীতে সহপাঠীদের সঙ্গে ঘুরতে এসে মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাহির শাহরিয়ার (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) বিকেল পৌনে ৪টার দিকে শহরের নাগরিয়াকান্দি সেতু সংলগ্ন নদী থেকে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথ প্রচেষ্টায় তাঁর লাশ উদ্ধার করে।
নিহত মাহির ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থী ছিলেন। তাঁর বাবার নাম মো. জহিরুল ইসলাম। মাহিরের সহপাঠী ও স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ ও আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদী ভ্রমণে আসেন। তাঁরা নাগরিয়াকান্দি সেতু এলাকায় মেঘনার শাখা নদীতে গোসল করতে নামলে মাহিরসহ তিনজন স্রোতে তলিয়ে যেতে থাকেন। স্থানীয়রা দ্রুত দুইজনকে উদ্ধার করতে পারলেও সাঁতার না জানা মাহির নিখোঁজ হন।
খবর পেয়ে প্রথমে নরসিংদী ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ চেষ্টায় ব্যর্থ হওয়ার পর ঢাকা থেকে ডুবুরি দল আনা হয়। অবশেষে নিখোঁজের প্রায় চার ঘণ্টা পর বিকেলের দিকে মাহিরের নিথর দেহ উদ্ধার করা সম্ভব হয়। নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুস সহীদ জানান, ডুবুরি দলের প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টায় মরদেহটি উদ্ধার করা হয়।
করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এস এম মাকসুদুর রহমান জানান, ঢাকা থেকে আগত শিক্ষার্থীরা ভ্রমণের একপর্যায়ে নদীতে গোসলে নামলে এই দুর্ঘটনা ঘটে। খবর পাওয়ার পর থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিস সমন্বিতভাবে কাজ করেছে। উদ্ধারকৃত মরদেহের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
এ.আই.এল/সকালবেলা