মুক্তিপণ দাবির পর শিশুর লাশ উদ্ধার

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ণ
মুক্তিপণ দাবির পর শিশুর লাশ উদ্ধার

ফেনী প্রতিবেদক: ফেনীর দাগনভূঞায় নিখোঁজ ও মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবা থেকে মো. হাসান নামের দেড় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকার একটি ডোবা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

নিহত শিশু হাসান লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তারের ছেলে। পরিবারের অভিযোগ, গত শনিবার সকালে বাসার সামনে থেকে হাসান নিখোঁজ হয়। ওইদিন সন্ধ্যায় একটি অপরিচিত নম্বর থেকে কল করে হাসানের বাবার কাছে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল। এ ঘটনায় পরদিন রোববার দাগনভূঞা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।

নিখোঁজের দুই দিন পর আজ সকালে বাড়ির কাছের একটি ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে এখন শোকের মাতম চলছে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারক চক্রের কাজ হতে পারে বলে তিনি ধারণা করছেন। তিনি আরও জানান, হুমকি দেওয়া মোবাইল নম্বরটির অবস্থান নওগাঁ জেলায় শনাক্ত করা হয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন