গরমে যাদের পালং শাক খাওয়া ঠিক নয়

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৮ অপরাহ্ণ
গরমে যাদের পালং শাক খাওয়া ঠিক নয়

পালং শাক ভিটামিন ও খনিজে ভরপুর এক পুষ্টিগুণসম্পন্ন খাবার। এতে থাকা ভিটামিন কে, ফোলেট, আয়রন এবং ম্যাগনেসিয়াম রক্তশূন্যতা দূর করতে ও হাড় মজবুত করতে সাহায্য করে। তবে কিছু নির্দিষ্ট শারীরিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য, বিশেষ করে গরমের এই সময়ে পালং শাক উপকারের চেয়ে ক্ষতি বেশি করতে পারে। 

পালং শাকে উচ্চ মাত্রায় অক্সালেট থাকে, যা ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্রিস্টাল বা পাথর তৈরি করতে পারে। গরমে কিডনির সমস্যা বাড়ার প্রবণতা থাকে, তাই এ ধরনের রোগীদের চিকিৎসকের পরামর্শ ছাড়া পালং শাক না খাওয়াই ভালো। পালং শাকে পিউরিন থাকে যা শরীরে ইউরিক অ্যাসিড তৈরি করে। এর ফলে জয়েন্টে ব্যথা বা বাতের সমস্যা বেড়ে যেতে পারে। যাদের বাতের সমস্যা আছে, তাদের পালং শাক এড়িয়ে চলা উচিত। এ শাকে প্রচুর ফাইবার ও ফ্রুক্টোজ থাকে। অতিরিক্ত পালং শাক খেলে পেট ফাঁপা, গ্যাস বা ডায়রিয়ার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে গরমে যাদের পেটের সমস্যা হয়, তারা পালং শাক এড়িয়ে চলুন। যারা রক্ত পাতলা করার ওষুধ খান, তাদের জন্য পালং শাক ঝুঁকিপূর্ণ হতে পারে। এতে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, যা ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে।

পালং শাকের রস বা স্মুদি সরাসরি কাঁচা পান করা ঠিক নয়। পালং শাক ব্যবহারের আগে ভালোভাবে ধুয়ে এবং হালকা ভাপিয়ে বা ফুটিয়ে নেওয়া জরুরি। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদেরও এটি পরিমিত পরিমাণে খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: ওয়েবএমডি ও নিউজ১৮।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন