হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ আরোপ করল ইরান; টোল ও অনুমতি বাধ্যতামূলক

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৬ অপরাহ্ণ
হরমুজ প্রণালিতে নতুন বিধিনিষেধ আরোপ করল ইরান; টোল ও অনুমতি বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তজনা ও অবরোধের মধ্যেই হরমুজ প্রণালিতে নতুন ট্রানজিট নিয়ম চালু করেছে ইরান। এখন থেকে এই সরু ও কৌশলগত জলপথ অতিক্রম করতে হলে প্রতিটি জাহাজকে আগাম অনুমতি নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট হারে টোল বা ফি প্রদান করতে হবে।

শিপিং জার্নাল ‘লয়েডস লিস্ট’-এর তথ্য অনুযায়ী, তেহরান ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ (পিজিএসএ) নামে একটি নতুন কাঠামো গঠন করেছে। এই বিধিনিষেধের আওতায় জাহাজগুলোকে ‘ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন’ নামক একটি ফর্মে ৪০টিরও বেশি প্রশ্নের উত্তর দিয়ে আগাম আবেদন করতে হবে। এতে জাহাজের মালিকানা, বিমা, নাবিকদের তথ্য, কার্গোর বিবরণ এবং রুট সম্পর্কে নিখুঁত তথ্য প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে, এই প্রণালির ওপর পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি সেনাবাহিনী সতর্ক করেছে যে, যারা ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা সমর্থন করবে বা মানবে, তারা এই পথ ব্যবহারের ক্ষেত্রে চরম সংকটে পড়বে। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান আলোচনা শুরু করলেও যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট জাহাজের জন্য এই পথ বন্ধ থাকার ইঙ্গিত মিলেছে।

ওয়াশিংটন এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে জাহাজগুলোকে টোল না দেওয়ার পরামর্শ দিয়েছে। বাহরাইনের সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র জাতিসংঘে প্রস্তাব আনার চেষ্টা করলেও রাশিয়া তাতে ভেটো দেওয়ার ইঙ্গিত দিয়েছে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের প্রভাবে এই জলপথে অচলাবস্থা তৈরি হওয়ায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।

সুপ্রিম লিডার মোজতবা খামেনির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অঞ্চলে বিদেশি শক্তির হস্তক্ষেপ বন্ধ করতে এবং একটি ‘শক্তিশালী ইরান’ গড়তে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে তারা প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

মন্তব্য করুন