নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা সহজ ও নিরাপদ করতে পোশাক কারখানাগুলো পর্যায়ক্রমে ছুটি দেওয়ার ঘোষণা দিয়েছেন সড়ক পরিবহন, নৌ ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
সোমবার (১১ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী বলেন, "বিগত ঈদুল ফিতরে সব গার্মেন্টস একই সময়ে ছুটি দেওয়ায় সড়কে প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছিল এবং ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আমরা বিজিএমইএ ও বিকেএমইএ-র সঙ্গে সমন্বয় করে কারখানাগুলো ধাপে ধাপে বা পর্যায়ক্রমে ছুটি দেওয়ার পরিকল্পনা করেছি।" এতে করে সড়কে এককালীন যানবাহনের অতিরিক্ত চাপ কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ঈদযাত্রায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, "সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে ৬৯টি মোবাইল কোর্ট পরিচালিত হবে। এছাড়া গত ঈদে যেসব পয়েন্টে ব্যত্যয় ঘটেছিল, সেগুলো চিহ্নিত করে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
সংশ্লিষ্টদের মতে, পর্যায়ক্রমে ছুটি দেওয়ার সিদ্ধান্ত বাস্তবায়ন হলে দেশের প্রধান মহাসড়কগুলোতে যানবাহনের জটলা অনেকটা কমে আসবে এবং সাধারণ মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পারবে।