গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

প্রকাশ: সোমবার, ১১ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ণ
গোপালগঞ্জ হাসপাতালে চিকিৎসক সংকটে স্বাস্থ্যসেবা ব্যাহত

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি: গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তীব্র চিকিৎসক সংকটের কারণে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। হাসপাতালটি আড়াইশ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল না থাকায় বর্তমানে এটি নামমাত্র সেবা কেন্দ্রে পরিণত হয়েছে। বিশেষ করে গুরুত্বপূর্ণ হার্ট (হৃদরোগ) ও মেডিসিন বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা কোটালীপাড়ার সালাম শেখ আক্ষেপ করে জানান, "আমাদের মতো গরিব রোগীদের জন্য এই হাসপাতালটিই শেষ ভরসা। কিন্তু হার্ট ও মেডিসিন বিভাগে উপযুক্ত ডাক্তার নেই। আমাদের পক্ষে ঢাকা বা খুলনায় গিয়ে চিকিৎসা করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য।" প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসক না বাড়ায় বর্তমানে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

হাসপাতালের প্রধান সহকারী জুয়েল কুমার বাছার জানান, হার্ট ও মেডিসিন বিভাগের সংকটের কথা জানিয়ে একাধিকবার লিখিত আবেদন করা হলেও এখনো কোনো সুরাহা হয়নি। জরুরি ভিত্তিতে নিয়োগ না দিলে স্বাস্থ্যসেবা চরম ঝুঁকির মুখে পড়বে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জীবিতোষ বিশ্বাস বলেন, "চিকিৎসক পদায়নের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। আশা করছি দ্রুতই নতুন নিয়োগের ব্যবস্থা হবে।"

হাসপাতাল সূত্র জানিয়েছে, গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর সম্প্রতি হাসপাতালটি পরিদর্শন করেছেন। তিনি এই সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করেছেন এবং দ্রুত সমাধানের জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন