আন্তর্জাতিক ডেস্ক: স্লোভাকিয়ার জ্বালানি চাহিদা পূরণে রাশিয়া সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
শনিবার (৯ মে) ক্রেমলিনে স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো’র সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি দেন।
ইউরোপের যে কয়েকটি দেশ এখনও রাশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল, স্লোভাকিয়া তাদের মধ্যে অন্যতম। বর্তমানে সোভিয়েত আমলের ‘দ্রুজবা পাইপলাইন’-এর মাধ্যমে রাশিয়া থেকে তেল এবং ‘তুর্ক স্ট্রিম পাইপলাইন’-এর মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সংগ্রহ করে দেশটি। বৈঠকে পুতিন বলেন, "আমরা স্লোভাকিয়ার জ্বালানি সম্পদের প্রয়োজনীয়তা মেটাতে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।"
দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয়ের বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে মস্কো সফরে ছিলেন রবার্ট ফিকো। যদিও রুশ সংবাদমাধ্যমগুলো আগে জানিয়েছিল যে তিনি রেড স্কোয়ারের কুচকাওয়াজে উপস্থিত থাকবেন, তবে শেষ পর্যন্ত তাঁকে মূল প্যারেড অনুষ্ঠানে দেখা যায়নি।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হওয়া সত্ত্বেও স্লোভাকিয়া রাশিয়ার সাথে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার পক্ষপাতি। স্লোভাকিয়ার সরকারের মতে, তাদের বর্তমান জ্বালানি অবকাঠামো রুশ উৎসের ওপর ভিত্তি করে নির্মিত। ফলে তাৎক্ষণিকভাবে রাশিয়ার সরবরাহ বন্ধ করে বিকল্প উৎস খোঁজা তাদের অর্থনীতির জন্য অত্যন্ত ব্যয়বহুল হবে।
এ.আই.এল/সকালবেলা