ব্যাংক রেজল্যুশন আইন দাতার শর্তে নয়, নিজস্ব উদ্যোগে: অর্থমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
ব্যাংক রেজল্যুশন আইন দাতার শর্তে নয়, নিজস্ব উদ্যোগে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আর্থিক খাতকে সঠিক পথে পরিচালনার জন্য ‘ব্যাংক রেজল্যুশন আইন’ প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে তিনি স্পষ্ট করেছেন যে, এই আইন কোনো দাতা সংস্থার শর্তে নয়, বরং সরকারের নিজস্ব উদ্যোগেই প্রণয়ন করা হচ্ছে।

রোববার (১০ মে) সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট জোহানেস জাটের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করে। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠকে দেশের আর্থিক খাতের সংস্কার ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, “ব্যাংক খাতকে আরও শক্তিশালী ও শৃঙ্খল কাঠামোর মধ্যে আনতে সরকার ব্যাংক রেজল্যুশন আইন করার সিদ্ধান্ত নিয়েছে। এটি কার্যকর করতে যা যা প্রয়োজন, বর্তমান সরকার তা করবে। তবে মনে রাখতে হবে, এটি কোনো দাতা সংস্থার চাপে বা শর্তে করা হচ্ছে না, এটি আমাদের নিজস্ব পরিকল্পনা।”

বৈঠকে বিশ্বব্যাংকের পক্ষ থেকে নতুন ঋণ সহায়তা এবং আগামী বাজেটে সম্ভাব্য আর্থিক সহায়তার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী জানান, দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় বিশ্বব্যাংক ইতিবাচক ভূমিকা রাখবে বলে সরকার আশাবাদী।

তবে বৈঠক শেষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো বক্তব্য দেওয়া হয়নি। সরকারের উচ্চপর্যায় থেকে আর্থিক খাতের সংস্কারের এই দৃঢ় অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা।

মন্তব্য করুন