মায়ের কাছে আছে অফুরান প্রশান্তির অনন্ত ঠিকানা: হাবিবুর রশিদ হাবিব

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ণ
মায়ের কাছে আছে অফুরান প্রশান্তির অনন্ত ঠিকানা: হাবিবুর রশিদ হাবিব

নিজস্ব প্রতিবেদক: ‘মা’ ছোট্ট একটি শব্দ, অথচ এর গভীরতা অসীম। পৃথিবীর প্রতিটি মানুষের জীবনে মা হচ্ছেন আশ্রয়, ভালোবাসা, সাহস ও নির্ভরতার সবচেয়ে বড় নাম। বিশ্ব মা দিবস উপলক্ষে এমনই আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

রোববার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিশেষ ছবি এবং ভিডিও বার্তায় প্রতিমন্ত্রী মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মিক নির্ভরতার কথা তুলে ধরেন। প্রকাশিত ছবিতে দেখা যায়, সাদা শাড়ি পরিহিত বৃদ্ধা মাকে গভীর মমতায় জড়িয়ে ধরে আছেন প্রতিমন্ত্রী। মায়ের মাথায় হাত রেখে তিনি যেন প্রকাশ করেছেন নিঃশব্দ এক ভালোবাসা ও শ্রদ্ধার ভাষা।

প্রতিমন্ত্রী তাঁর বার্তায় লিখেছেন, ‘মা শব্দটাই হচ্ছে প্রতিটি ব্যক্তির কাছে একটি শ্রদ্ধার জায়গা, ভালোবাসার একটি জায়গা। আমরা যখন মনে করি যে আমাদের কোথাও আশ্রয় হচ্ছে না, তখন মনে হয় মায়ের কাছে ছুটে গেলে সেখানে একটি প্রশান্তির ঠিকানা পাওয়া যাবে।’

তিনি আরও যোগ করেন, মা দিবসে পৃথিবীর সকল মায়ের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা। প্রতিমন্ত্রীর এই মানবিক ও মমতাময়ী রূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

উল্লেখ্য যে, প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বব্যাপী ‘মা দিবস’ পালন করা হয়। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মায়ের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

মন্তব্য করুন