ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে শরিয়াহ আইনের পক্ষে নই: ত্রাণমন্ত্রী

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ণ
ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে শরিয়াহ আইনের পক্ষে নই: ত্রাণমন্ত্রী

আঞ্চলিক প্রতিনিধি, কুড়িগ্রাম: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, ভিন্ন মতের সহাবস্থানই হলো গণতন্ত্র। আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাসী, তবে ‘ডাবল স্ট্যান্ডার্ড’ বা দ্বিমুখী নীতি বজায় রেখে শরিয়াহ আইন বাস্তবায়নের পক্ষে আমরা নই। আমরা সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই।

রবিবার (১০ মে) বিকেলে কুড়িগ্রাম প্রেস ক্লাবের নবনির্মিত ভবনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের মানুষ যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমাদের ম্যান্ডেট দিয়েছে, তা যথাযথভাবে পূরণ করাই আমাদের মূল লক্ষ্য।

কুড়িগ্রামকে একটি উন্নত জেলায় রূপান্তরিত করার ওপর গুরুত্বারোপ করে আসাদুল হাবিব দুলু বলেন, কুড়িগ্রামকে এখনো পশ্চাৎপদ জেলা হিসেবে বিবেচনা করা হয়। এই জনপদকে সমৃদ্ধির পথে নিতে জনপ্রতিনিধি ও সাংবাদিকদের যৌথ ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকরা গঠনমূলক সমালোচনা করলে জনপ্রতিনিধিরা সঠিক পথে থাকেন, যা উন্নয়নকে ত্বরান্বিত করে। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সত্যতা যাচাই করা অপরিহার্য।

নদীকেন্দ্রিক উন্নয়নের বিষয়ে আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, নদীকে কেন্দ্র করে সভ্যতা গড়ে ওঠার কথা থাকলেও তিস্তা নদীর কারণে রংপুর বিভাগের একটি বিশাল জনপদ আজ পিছিয়ে পড়েছে। এই সংকট নিরসনে সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে।

মতবিনিময় সভার আগে দুপুরে মন্ত্রী কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী এলাকায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়া তিনি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন