নিজস্ব প্রতিবেদক: সীমান্ত হত্যা রোধে সরকারকে শক্তিশালী কূটনৈতিক (ডিপ্লোমেটিক) অবস্থান জানান দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রোববার (১০ মে) বিকেলে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, “ইদানীং সীমান্ত হত্যা হঠাৎ করে বেড়ে গেছে। সরকারকে এর প্রতিবাদে শক্তিশালী অবস্থান নিতে হবে। কেন বারবার হত্যা বাড়ছে, সে বিষয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে জবাবদিহি চাইতে হবে।” তিনি আরও যোগ করেন, সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও সীমান্ত হত্যার সময় কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায় না।
পার্শ্ববর্তী পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “সেখানে ‘বুলডোজার নীতি’র মাধ্যমে মুসলমানদের ওপর নৃশংস হামলা চালানো হচ্ছে। উগ্রবাদী শক্তির দ্বারা যারা সাম্প্রদায়িক সহিংসতার শিকার হচ্ছেন, আমরা তাদের প্রতি সংহতি ও সমর্থন জানাচ্ছি।”
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ অভিযোগ করেন, সরকার এখনো নির্বাচনের কোনো নির্দিষ্ট রূপরেখা বা সময়সীমা দেয়নি। তিনি বলেন, “প্রশাসক হিসেবে যারা নিয়োজিত আছেন, তারা পদে থেকেই ভোট চাচ্ছেন এবং পোস্টারে শহর ভরে ফেলেছেন। এভাবে নির্বাচন হলে তা বিতর্কিত ও একপাক্ষিক হবে।” বিএনপি নেতা তারেক রহমানের সমালোচনা করে তিনি বলেন, “ক্ষমতায় বসেই তিনি গণতন্ত্রের গলা টিপে ধরছেন।”
দেশে হামের প্রাদুর্ভাব বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে একে ‘জাতীয় সংকট’ হিসেবে চিহ্নিত করে মোকাবিলা করার আহ্বান জানান এনসিপি মুখপাত্র। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচিত সরকার আসার পরও জনগণের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না।
সংবাদ সম্মেলনে এনসিপির পক্ষ থেকে ১০০ উপজেলা ও পৌরসভার প্রার্থীর নাম ঘোষণা করা হয়।