মোঃ মনোয়ার হোসেন, রাজশাহী: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (৯ মে) বিকেলে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যেই এই তৃণমূল পর্যায়ের প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই শিশু-কিশোররাই ভবিষ্যতে বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে উজ্জ্বল করবে। মন্ত্রী আরও জানান, প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব প্রমাণকারীরা জাতীয় পর্যায়ে উন্নত প্রশিক্ষণ ও বিকেএসপিতে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবে।
রাজশাহীর ক্রীড়াঙ্গন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, রাজশাহীর জাতীয় স্টেডিয়ামটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে দ্রুত ফ্লাডলাইট স্থাপন ও জরাজীর্ণ গ্যালারি সংস্কার করা হবে। ভবিষ্যতে এখানে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট ও ফুটবল ম্যাচ আয়োজনের পরিকল্পনাও রয়েছে বলে তিনি জানান।
রাজশাহী জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অধ্যাপক নজরুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা। অনুষ্ঠান শেষে মন্ত্রী বিজয়ীদের হাতে ট্রফি, সনদ ও মেডেল তুলে দেন।
১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্স ও দাবাসহ মোট আটটি ইভেন্টে প্রতিভা বিকাশের সুযোগ করে দিতে সরকার এই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি চালু করেছে।
এ.আই.এল/সকালবেলা