জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ণ
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রকে আগে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারপর স্বচ্ছ উন্নয়নের পদক্ষেপ নিতে হবে।

রোববার (১০ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এই মন্তব্য করেন।

জামায়াত আমির তাঁর পোস্টে নওগাঁ, চট্টগ্রাম এবং গাজীপুরে সম্প্রতি ঘটে যাওয়া একাধিক নৃশংস হত্যাকাণ্ডের উদাহরণ টেনে আনেন। তিনি উল্লেখ করেন, অতি সম্প্রতি নওগাঁয় ৪ জন, চট্টগ্রামে ৩ জন এবং গাজীপুরে ৫ জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এছাড়াও আজ ভোররাতে গাজীপুরের কালিয়াকৈরের বাগচালা গ্রামে গরু চোর সন্দেহে ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনাটিও তিনি তুলে ধরেন।

এসব হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুলে ডা. শফিকুর রহমান বলেন, “এগুলো কি শুধুই সামাজিক বিশৃঙ্খলা, নাকি আইনের সঠিক প্রয়োগের অভাবে সৃষ্ট হতাশা থেকে জনগণের ক্ষোভের বহিঃপ্রকাশ?” তিনি স্পষ্ট জানান যে, বিনা বিচারে কোনো হত্যাকাণ্ডই সমর্থনযোগ্য নয়। তাঁর মতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগ জনগণের কাছে গ্রহণযোগ্য না হওয়া পর্যন্ত দেশে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করা অসম্ভব।

বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের সদিচ্ছা ও যথাযথ উদ্যোগই এই সামাজিক সমস্যার সমাধান আনতে পারে। তিনি সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, জনগণের নিরাপত্তাকে উপেক্ষা করে গৃহীত কোনো কর্মসূচিই সফল হওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রকে সবার আগে জীবনের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

সবশেষে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার এবং প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

মন্তব্য করুন