ইসরায়েলে স্থায়ী সামরিক ঘাঁটি গাড়ছে আমেরিকা

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৩১ অপরাহ্ণ
ইসরায়েলে স্থায়ী সামরিক ঘাঁটি গাড়ছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের ভেতরে প্রথমবারের মতো স্থায়ী সামরিক ঘাঁটি স্থাপনের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর দাবি, মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী ও শক্তিশালী করতে ওয়াশিংটন এই ঐতিহাসিক পদক্ষেপের কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে।

ইসরায়েলি গণমাধ্যম 'ইসরায়েল হাইয়োম'-এর এক প্রতিবেদনে ঊর্ধ্বতন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে ইসরায়েলে মোতায়েন থাকা মার্কিন সেনারা আর ফিরে যাবে না। এই পদক্ষেপটি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক কৌশলে একটি মৌলিক পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওয়াশিংটন এবং তেল আবিবের মধ্যে চলমান আলোচনায় এই সামরিক উপস্থিতিকে শক্তিশালী করার জন্য বেশ কয়েকটি সম্ভাব্য দৃশ্যকল্প নিয়ে আলোচনা হচ্ছে। এটি কেবল যৌথ মহড়া বা অস্থায়ী মোতায়েন নয়; বরং আলোচনার কেন্দ্রে রয়েছে মার্কিন উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (এয়ার ডিফেন্স ব্যাটারি) এবং যুদ্ধবিমান স্কোয়াড্রনগুলোকে স্থায়ীভাবে ইসরায়েলে মোতায়েন করা।

নিরাপত্তা সূত্রগুলো ইঙ্গিত দিয়েছে যে, পরবর্তী প্রধান মার্কিন সামরিক ঘাঁটিটি ইসরায়েলের অভ্যন্তরেই হতে পারে। প্রস্তাবিত পরিকল্পনায় লজিস্টিক সহায়তা এবং অন্যান্য সামরিক সরঞ্জাম স্থায়ীভাবে রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলে মার্কিন সামরিক ঘাঁটি স্থাপনের অর্থ হলো এই অঞ্চলে ইরানের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করা এবং কৌশলগতভাবে ইসরায়েলের নিরাপত্তা বলয়কে আরও নিশ্ছিদ্র করা। এর ফলে দীর্ঘ মেয়াদে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।

সূত্র: এক্সপ্রেস নিউজ। 

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন