ওয়াফিক শিপলু, বগুড়া: বগুড়া সদর উপজেলার চারমাথা এলাকায় অবস্থিত 'ফুলকলি বেকারি'তে যৌথ অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
রবিবার (১০ মে) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কেক, বিস্কুট ও পাউরুটিসহ বিভিন্ন পণ্য তৈরিতে লোকচক্ষুর আড়ালে 'হ্যাচিং ডিম' (অফুটন্ত ডিম) ব্যবহার করছিল। এছাড়াও অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, প্যাকেটে অগ্রিম তারিখ বসানো এবং অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করে ভোক্তাদের সাথে প্রতারণা করার প্রমাণ পাওয়া যায়।
অভিযোগের সত্যতা মেলায় এবং অপরাধ স্বীকার করায় বেকারির মালিক মো. নাজমুস সাকিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এ ধরনের জনস্বাস্থ্য বিরোধী কাজ না করার শর্তে তাঁর কাছ থেকে অঙ্গীকারনামা নেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মো. রাসেল। জেলা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এ.আই.এল/সকালবেলা