ব্যবসায়ীর বিরুদ্ধে মাদরাসাছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ: সড়ক অবরোধ

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ণ
ব্যবসায়ীর বিরুদ্ধে মাদরাসাছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগ: সড়ক অবরোধ

লালমাই-সদর দক্ষিণ (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার লালমাই উপজেলায় এক মাদরাসাছাত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে। 

রবিবার (১০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার যুক্তিখোলা বাজারের ‘এনায়েত টেলিকম’ নামক দোকানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী স্থানীয় যুক্তিখোলা ফাজিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী। অভিযুক্ত ব্যবসায়ী এনায়েত উল্যাহ (৪৫) নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের নশরতপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই ছাত্রীকে কৌশলে দোকানে ডেকে নিয়ে টেবিলের নিচে লুকিয়ে ধর্ষণের চেষ্টা চালায় এনায়েত। বাজারের ব্যবসায়ী ও পথচারীরা বিষয়টি টের পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে বাজার কমিটির কয়েকজন নেতার সহায়তায় অভিযুক্ত ব্যক্তি পালিয়ে বাড়িতে চলে যায়।

ধর্ষণচেষ্টার খবর ছড়িয়ে পড়লে মাদরাসার কয়েকশ শিক্ষার্থী দুপুর ১টার দিকে অভিযুক্তের দোকান ঘেরাও করে। একপর্যায়ে তারা কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ে।

বিকেল ৪টার দিকে লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বিচারের আশ্বাস দেন। তিনি অভিযুক্তকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার সময় প্রার্থনা করলে শিক্ষার্থীরা ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়। ওসি জানান, ভিকটিমকে শারীরিক পরীক্ষার জন্য হেফাজতে নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন