দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে সুমন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। 

শনিবার (৯ মে) স্থানীয় সময় বিকেলে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে এই ঘটনা ঘটে। নিহত সুমন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সুমন দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার নিউক্যাসল শহরে নিজের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। শনিবার বিকেলে নিজ গাড়ির ভেতরে অবস্থানকালে একদল সশস্ত্র সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিন বছর আগে বাংলাদেশে এসে বিয়ে করেছিলেন সুমন। তাঁর ঘরে দুই বছরের একটি পুত্র সন্তান রয়েছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারের সদস্যরা এখন দিশেহারা। সুমনের মৃত্যুর খবর গ্রামের বাড়িতে পৌঁছালে স্বজনদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সুমনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় তাঁর পরিবারকে সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদান করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন