নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যেই গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ভয়াবহ চিত্র ফুটে উঠেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ৭ জন হামের উপসর্গ নিয়ে এবং ৪ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে। হামে মারা যাওয়া চার শিশুর মধ্যে তিনজনই ঢাকা বিভাগের এবং একজন বরিশাল বিভাগের। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে ঢাকা বিভাগের তিনজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুজন করে রয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ২০৫টি শিশুর হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৭৮ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ৪৯৬ জনই ঢাকা বিভাগের। বর্তমানে হাসপাতালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আক্রান্ত শিশুদের বড় একটি অংশ ঢাকা বিভাগের। পরিস্থিতি মোকাবিলায় টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া হামের প্রাদুর্ভাবকে জাতীয় গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।