বাংলাদেশের পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত

প্রকাশ: রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৯ অপরাহ্ণ
বাংলাদেশের পণ্য আমদানিতে আগ্রহী ইতালি: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, ইতালি বাংলাদেশ থেকে তৈরি পোশাক, খাদ্যপণ্যসহ বিভিন্ন পণ্য আমদানিতে বিশেষ আগ্রহী।

রোববার (১০ মে) প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান।

বৈঠকে রাষ্ট্রদূত জানান, ইতালি বাংলাদেশ থেকে মানসম্পন্ন তৈরি পোশাক, খাদ্যপণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য আমদানির ক্ষেত্র আরও প্রসারিত করতে চায়। বিনিময়ে ইতালি থেকে আধুনিক প্রযুক্তি ও শিল্প-কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতি (মেশিনারিজ) আমদানির জন্য বাংলাদেশকে আহ্বান জানানো হয়েছে। এটি বাংলাদেশের শিল্পখাতের আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করেন রাষ্ট্রদূত।

দুই দেশের সম্পর্ককে কেবল বাণিজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রেও সম্প্রসারণের আলোচনা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ইতালির খ্যাতনামা ফুটবল ক্লাবগুলোকে বাংলাদেশে সফর ও প্রীতি ম্যাচ আয়োজনের আমন্ত্রণ জানানো হয়। এর মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় আরও জোরদার হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করে।

নিরাপদ ও নিয়মিত অভিবাসন ব্যবস্থাপনা সহজতর করতে দুই দেশের মধ্যে চলমান সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বৈঠকে। ভবিষ্যতে বাণিজ্য, সামরিক সহযোগিতা, সংস্কৃতি এবং ক্রীড়াসহ বিভিন্ন ক্ষেত্রে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন উভয় প্রতিনিধি।

বৈঠক শেষে দুই দেশের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন