মেহেদী হাসান মারুফ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে নেশার টাকার জন্য রফিকুল ইসলাম নামের এক যুবকের হামলায় তাঁর বৃদ্ধ পিতা দাউদ আলী গাজী (৮৫) গুরুতর আহত হয়েছেন।
রোববার (১০ মে) দিবাগত রাতে টেংরাখালী গ্রামে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পিতা বাদী হয়ে শ্যামনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, টেংরাখালী গ্রামের বনজীবী দাউদ আলী গাজীর ছোট ছেলে রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার টাকার জন্য সে প্রায়ই বৃদ্ধ বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। মাদকাসক্তির কারণে রফিকুলের স্ত্রী ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেলে, তাঁকে ফিরিয়ে আনার জন্য সে বৃদ্ধ পিতার ওপর চাপ সৃষ্টি করে। এতে অসম্মতি জানালে রোববার রাত ১২টা ১০ মিনিটের দিকে রফিকুল দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাবার ওপর হামলা চালায়।
হামলার সময় দাউদ আলীর আত্মচিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে রক্তাক্ত ও জখম অবস্থায় উদ্ধার করেন। বৃদ্ধের দুই হাত ফুলে জখম হয়েছে এবং বর্তমানে তিনি ও তাঁর স্ত্রী চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয়রা জানান, মাদকাসক্ত ছেলের অত্যাচারে এই বৃদ্ধ দম্পতি দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ খালেদুর রহমান জানান, বৃদ্ধের লিখিত অভিযোগটি গুরুত্বের সাথে গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ভুক্তভোগীকে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা