পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো প্রেসক্লাব

পিরোজপুরে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করলো প্রেসক্লাব

শুভ সমদ্দার, পিরোজপুর: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পিরোজপুর প্রেসক্লাবের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়।

পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে জেলার কর্মরত সাংবাদিকরা একযোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত সাংবাদিকরা কিছুক্ষণ নীরবতা পালন করে মাতৃভাষার মর্যাদা রক্ষায় আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।

সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের এই দিনে বাংলার দামাল ছেলেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা করেছিলেন। আজ সেই ত্যাগ বিশ্বজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এই চেতনাকে হৃদয়ে ধারণ করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং দেশ গঠনে সাংবাদিকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত বাঙালিদের মিছিলে তৎকালীন শাসকগোষ্ঠী বর্বরোচিত গুলি চালায়। এতে রফিক, সালাম, বরকত, জব্বারসহ নাম না জানা অনেকে শহীদ হন। এই মহান আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, যা আজ সারা বিশ্বে পালন করা হয়।

পিরোজপুর প্রেসক্লাব ছাড়াও জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করেছে।

এস.এস/সকালবেলা

মন্তব্য করুন