ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নোবিপ্রবি প্রতিনিধি: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর নীতিমালা লঙ্ঘন করে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। এই অনিয়মের সত্যতা যাচাইয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক পদে নিয়োগপ্রাপ্ত ড. মো. ছাইফুল্লাহর নিয়োগ প্রক্রিয়া নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, উক্ত শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসির নির্ধারিত মানদণ্ড ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়নি।
এই ঘটনা অনুসন্ধানের জন্য দুদকের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দুদক তাদের চিঠিতে আগামী ৬ এপ্রিলের মধ্যে সংশ্লিষ্ট নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় নথিপত্র জমা দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। চাহিত নথিপত্রের মধ্যে রয়েছে:
বিভাগীয় চাহিদাপত্র।
নিয়োগ বিজ্ঞপ্তি ও অনুমোদনের কপি।
প্ল্যানিং কমিটির সুপারিশ ও প্রার্থীদের নম্বর তালিকা।
রিজেন্ট বোর্ডের অনুমোদন।
সংশ্লিষ্ট প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোসেন চৌধুরী বলেন, “আমরা দুদকের পাঠানো চিঠিটি পেয়েছি। সেখানে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই সেগুলো সরবরাহ করব।”
দুদক সূত্রে জানা গেছে, বিষয়টি অত্যন্ত জরুরি হওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে নথিপত্র সরবরাহে ব্যর্থ হলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। বিশ্ববিদ্যালয়ের উচ্চপর্যায়ের এই নিয়োগ বিতর্ক এখন ক্যাম্পাসজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ