ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইমরান মাহমুদ, জামালপুর: জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ কাজ দ্রুত শেষ করা এবং জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে অব্যবহৃত আইসিইউ সেবা চালুর দাবিতে উত্তাল হয়ে উঠেছে জামালপুর।
শনিবার (৪ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় জামালপুর জেনারেল হাসপাতালের সামনে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে 'জেলা স্বাস্থ্যসেবা ও রোগী কল্যাণ কমিটি'।
উক্ত মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং জেলার সচেতন নাগরিকরা অংশ নেন। এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক এম এ জলিল, সমাজকর্মী মোঃ রাসেল রানা, জামালপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরাফাত ইসলাম ও সদস্য মামুনুল ইসলাম ইমন প্রমুখ।
বক্তারা অত্যন্ত ক্ষোভের সাথে জানান, জামালপুর জেলার প্রায় ২৬ লাখ মানুষসহ পার্শ্ববর্তী কুড়িগ্রাম ও শেরপুর জেলার রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে এক দশক আগে মেডিকেল কলেজ অনুমোদন দেওয়া হলেও আজ পর্যন্ত পূর্ণাঙ্গ হাসপাতাল ভবন নির্মাণ করা হয়নি। ফলে শিক্ষার্থীরা যেমন হাতে-কলমে শিখতে পারছেন না, তেমনি রোগীরাও বঞ্চিত হচ্ছেন বিশেষায়িত সেবা থেকে।
মানববন্ধনে অভিযোগ করা হয়, জামালপুর জেনারেল হাসপাতালে দুটি দামী আইসিইউ (ICU) ইউনিট থাকলেও রহস্যজনক কারণে সেগুলো একবারের জন্যও চালু করা হয়নি। মুমূর্ষু রোগীদের আইসিইউ সেবার জন্য আজও ঢাকা বা ময়মনসিংহে দৌড়াতে হচ্ছে, যা অত্যন্ত অমানবিক।
জেলায় ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারে অবিলম্বে হাসপাতাল নির্মাণ এবং আইসিইউ ইউনিট সচল করার জোর দাবি জানান আন্দোলনকারীরা। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুততম সময়ের মধ্যে এই দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর ও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ