ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া ১৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মানবিক সহায়তার অংশ হিসেবে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
সম্প্রতি ডোমার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে ওই এলাকার অন্তত ১৪টি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও গচ্ছিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে এসে দাঁড়ায়।
ক্ষতিগ্রস্তদের দুর্দশা লাঘবে শনিবার (৪ এপ্রিল ২০২৬) জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই সহায়তা কর্মসূচি পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী-১ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। এছাড়াও দলের স্থানীয় ও সামাজিক নেতৃবৃন্দ এই মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সহায়তা বিতরণকালে বক্তারা বলেন, “বিপদগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ইমানি দায়িত্ব। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আজ সবকিছু হারিয়ে নিঃস্ব। তাদের এই দুঃসময়ে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা সবার কর্তব্য।” তারা ভবিষ্যতেও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এ ধরনের জনহিতকর কাজ অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অগ্নিকাণ্ডে সবকিছু হারানো পরিবারগুলো এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল হওয়ায় তারা দ্রুত সরকারি ও বেসরকারি সংস্থাসমূহের পক্ষ থেকে দীর্ঘমেয়াদী পুনর্বাসনের দাবি জানিয়েছেন। স্থানীয় এলাকাবাসীও ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণের জন্য বিশেষ বরাদ্দের আবেদন করেছেন।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ