ফেনীতে মেডিকেল কলেজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

ফেনীতে মেডিকেল কলেজ বাতিলের প্রতিবাদে মানববন্ধন

জহিরুল হক মিলন, ফেনী: ফেনীবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি ‘ফেনী মেডিকেল কলেজ’ প্রতিষ্ঠার প্রস্তাব জাতীয় সংসদে প্রত্যাখ্যাত হওয়ার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ফেনী। 

এই সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুরে শহরের ট্রাংক রোডস্থ ফেনী প্রেসক্লাব চত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ফেনী জেলা শাখা।

জেলা জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুফতি আবদুল হান্নান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম। সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক আবু ইউসুফ, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জামাল উদ্দিন, জেলা সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস, ছাত্রশিবিরের জেলা সভাপতি ইমাম হোসেন আরমান এবং শহর আমীর ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম।

বক্তারা বলেন, বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভায় ফেনীতে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সংসদে সেই প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়া ফেনীর ১৮ লক্ষ মানুষের সাথে চরম বিশ্বাসঘাতকতা। তারা অভিযোগ করেন, "ফ্যাসিস্ট আমলেও ফেনীর মানুষ এই দাবিতে রাজপথে নেমেছিল। তখন রাজনৈতিক প্রতিহিংসার কারণে ফেনীকে বঞ্চিত করে নোয়াখালীতে মেডিকেল কলেজ করা হয়েছিল। বর্তমানে সম্পূর্ণ অযৌক্তিকভাবে লক্ষ্মীপুরে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা ফেনীবাসী মেনে নেবে না।"

সমাবেশে উল্লেখ করা হয় যে, ফেনী জেলার নিজস্ব জনসংখ্যা ছাড়াও কুমিল্লার চৌদ্দগ্রাম, নোয়াখালীর সেনবাগ ও কোম্পানীগঞ্জ, চট্টগ্রামের মিরসরাই এবং খাগড়াছড়ি জেলার মানুষ উন্নত চিকিৎসার জন্য ফেনীর ওপর নির্ভরশীল। এত বড় একটি বিশাল জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা এখন সময়ের দাবি।

নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অবিলম্বে ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ না করা হলে সর্বস্তরের ছাত্র-জনতাকে সাথে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই প্রতিবাদ অব্যাহত থাকবে বলেও তারা প্রত্যয় ব্যক্ত করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন