ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
স্টাফ রিপোর্টার (পিরোজপুর): পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহ করতে গিয়ে দুই সংবাদকর্মী লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা নাজিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে দৈনিক প্রভাত পত্রিকার সাংবাদিক মো. বাবুল শেখ এবং দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি মো. হাসান তালুকদার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নে তথ্য সংগ্রহে যান। সেখানে স্থানীয় জেলেদের জন্য মৎস্য কার্ড করে দেওয়ার নামে অবৈধভাবে অর্থ আদায়ের একটি অভিযোগ নিয়ে তারা অনুসন্ধান করছিলেন।
অনুসন্ধানকালে স্থানীয় শাহাবুদ্দিন শাহা, তাওহীদ শেখ (৪২), শাহ আলম সিকদার (৩৫) ও রেজাউল মোল্লাসহ (৪৫) আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তি সাংবাদিকদের কাজে বাধা প্রদান করেন। একপর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে সংবাদকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ঘটনাস্থলে উপস্থিত লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে স্থান ত্যাগ করেন।
এলাকাবাসীর তথ্যমতে, মৎস্য কার্ডের নামে অর্থ নেওয়ার বিষয়টি নিয়ে ওই এলাকায় আগে থেকেই গুঞ্জন ও অসন্তোষ ছিল। তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নাজিরপুর থানার তদন্ত কর্মকর্তা আবদুল হালিম তালুকদার জানান, সাংবাদিকদের লাঞ্ছিত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পেশাদার সাংবাদিকদের ওপর এমন ন্যাক্কারজনক হামলার ঘটনায় পিরোজপুরের সাংবাদিক মহলে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ