রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খায়ের ভূঁইয়া

রায়পুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি খায়ের ভূঁইয়া

ইমাম হোসেন, লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর পৌর এলাকার জনগুরুত্বপূর্ণ শহীদ ওসমান চত্বর থেকে খেজুরতলা পর্যন্ত সড়কটির বেহাল দশার অবসান হতে যাচ্ছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) এই দীর্ঘ প্রতীক্ষিত উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া

“IUGIP/RAIP/UT+DR/01/2023” প্যাকেজের আওতায় চাঁদপুর-লক্ষ্মীপুর সড়ক থেকে হায়দারগঞ্জ সড়কের রায়পুর থানার মোড় হয়ে খেজুরতলা পর্যন্ত আধুনিক ড্রেন, ফুটপাত এবং স্ট্রিট লাইটসহ আরসিসি (RCC) সড়ক নির্মাণ করা হবে। একই প্রকল্পের অধীনে খেজুরতলা থেকে পৌরসভার শেষ সীমানা পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও সার্বিক উন্নয়ন কাজও সম্পন্ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘দত্ত অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’। এতে যৌথভাবে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক (ADB), এএফডি (AFD), নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (IUGIP) এবং বাংলাদেশ সরকার।

রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউছারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জেড এম নাজমুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক শফিকুর রহমান ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানী ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন। এছাড়া রায়পুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও নাজেহাল অবস্থায় পড়ে ছিল। বারবার আশ্বাসের পরেও সংস্কার কাজ শুরু না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও ভোগান্তি চরম আকার ধারণ করেছিল। অবশেষে কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, এই সড়কটি আধুনিকায়ন হলে যাতায়াত ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যেও গতি আসবে।

এমপি খায়ের ভূঁইয়া তার বক্তব্যে জানান, টেকসই উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্পে সর্বোচ্চ মান নিশ্চিত করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন