খুলনায় মাছ চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

খুলনায় মাছ চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সরদার সাইদী হাসান বাবু, খুলনা: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানা এলাকায় মাছের ঘেরে চুরির অভিযোগে গণপিটুনিতে দিদার সরদার (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (৪ এপ্রিল ২০২৬) ভোরে লতাগাছতলা মন্দির সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দিদারের মরদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর আনুমানিক ৬টার দিকে আড়ংঘাটা থানার লতাগাছতলা মন্দির সংলগ্ন রেললাইনের পাশের একটি মাছের ঘেরে চুরি করতে যান দিদার। এ সময় ঘের মালিক ও স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলেন। চোর সন্দেহে উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর শুরু করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে উদ্ধার করে সকাল ৯টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিদার সরদার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আরকান্দি গ্রামের বিনু সরদারের ছেলে। বর্তমানে তিনি খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্যডাঙ্গা এলাকায় বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। গণপিটুনির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হয়নি।

চুরির অভিযোগে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন