ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আবু ইউসুফ, নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার আত্রাই নদের ওপর প্রায় সাড়ে ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু গত এক বছর ধরে পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। সেতুর নির্মাণকাজ শেষ হলেও শুধুমাত্র সংযোগ সড়ক না থাকায় এর সুফল পাচ্ছে না স্থানীয় বাসিন্দারা। ফলে বাধ্য হয়ে এখনো বাঁশের সাঁকো দিয়েই ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে হাজার হাজার মানুষকে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, ২০২১ সালের মার্চ মাসে উপজেলার আত্রাই নদের শীবগঞ্জ ও গোপিনাথপুর বাজার এলাকায় ২৫৯ মিটার দীর্ঘ এই সেতুর নির্মাণকাজ শুরু হয়। ৩০ কোটি ৫৯ লাখ ৫৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার’। ২০২৩ সালের আগস্টে কাজ শেষ হওয়ার কথা থাকলেও ভূমি অধিগ্রহণ জটিলতায় পূর্ব পাশের সংযোগ সড়কটি নির্মাণ করা সম্ভব হয়নি। বর্তমানে ব্রিজের দুই মুখ বেড়া দিয়ে বন্ধ করে রাখা হয়েছে।
সেতুটির পূর্ব পাশে উত্তরগ্রাম ইউনিয়ন এবং পশ্চিম পাশে চান্দাশ ইউনিয়ন। প্রতিদিন এই পথ দিয়ে জেলা সদরসহ মান্দা, পত্নীতলা ও পোরশা উপজেলার অন্তত ৪ থেকে ৫ হাজার মানুষ যাতায়াত করেন।
সালমান ফারসি নামে এক স্থানীয় বাসিন্দা জানান, বর্ষাকালে নৌকার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, যা শিক্ষার্থীদের জন্য চরম ভোগান্তির কারণ।
আক্কাস আলী ও সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ ৫০ বছর ধরে তারা এখানে নৌকা বা সাঁকোতে পারাপার হচ্ছেন। একটি স্থায়ী সেতু নির্মিত হওয়ার পরও তা ব্যবহার করতে না পারা অত্যন্ত দুঃখজনক।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার আব্দুল মজিদ জানান, সেতুর মূল অবকাঠামোর কাজ অনেক আগেই শেষ হয়েছে। তবে পূর্ব পাশে জমি সংক্রান্ত সমস্যার কারণে সংযোগ সড়কের কাজ আটকে আছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
নওগাঁ এলজিইডি-এর নির্বাহী প্রকৌশলী মো. বদরুদ্দোজা বলেন, “জমি অধিগ্রহণ নিয়ে কিছুটা জটিলতা থাকায় সংযোগ সড়কের কাজটি পিছিয়ে গেছে। আমরা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশা করছি অল্প সময়ের মধ্যেই সেতুটি চলাচলের উপযোগী হবে।”
দীর্ঘদিন ধরে ঝুলে থাকা এই সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করে সেতুটি উন্মুক্ত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ