ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর পেট্রলপাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে যাত্রীবাহী অটোরিকশাটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ