মুন্সীগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মুন্সীগঞ্জে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃ দুলাল সরকার, গজারিয়া প্রতিনিধি: মুন্সীগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সাথে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ পালিত হয়েছে। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ কামরুজ্জামান রতন। তিনি তাঁর বক্তব্যে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলেন, "৫২-এর ভাষা আন্দোলনের পথ ধরেই আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। এই চেতনাকে ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।"

বিশেষ অতিথির বক্তব্যে মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম ভাষা আন্দোলনের ইতিহাস ও শহিদদের আত্মত্যাগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন:

"ভাষা শহিদদের ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ রেখে একটি বৈষম্যহীন সমাজ গড়তে হবে। নতুন প্রজন্মকে আমাদের সংগ্রাম, ইতিহাস ও ঐতিহ্য জানতে হবে এবং তা ধারণ করেই সমৃদ্ধ আগামীর পথে এগিয়ে যেতে হবে।"

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন, রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।

উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

ডি.এস/সকালবেলা

মন্তব্য করুন