৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন কোটালীপাড়ার যুবক

৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন কোটালীপাড়ার যুবক

আরিফ হাজরা, কোটালীপাড়া প্রতিনিধি: অনলাইন জুয়ার নেশায় সর্বস্ব হারিয়ে অবশেষে ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে তওবা করলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের আগে নিজ বাড়িতে এই ব্যতিক্রমী উপায়ে জুয়া ছাড়ার ঘোষণা দেন তিনি।

শনিবার (২১ ফেব্রুয়ারি) রাশেদের এই দুধ দিয়ে গোসল করার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রাশেদ দুধ রাখা অ্যালুমিনিয়ামের একটি বড় ডেকচির ভেতরে বসে আছেন। এরপর তাঁর মা মগ দিয়ে রাশেদের মাথায় দুধ ঢেলে তাঁকে গোসল করিয়ে দিচ্ছেন। গোসল শেষে তিনি নামাজ পড়তে মসজিদে যান।

রাশেদ জানান, গত ২ বছর ধরে তিনি অনলাইনে জুয়া খেলায় আসক্ত ছিলেন। এই সময়ের মধ্যে তিনি প্রায় ১০ লক্ষ টাকা খুইয়েছেন এবং দেনায় জর্জরিত হয়ে পড়েছেন। দেনার চাপে দীর্ঘ দিন ধরে তিনি চরম হতাশায় ভুগছিলেন।

রাশেদ সাংবাদিকদের বলেন “পরিবারের লোকজনের পরামর্শে আমি কাজের জন্য কয়েক দিনের মধ্যে সৌদি আরব যাচ্ছি। তাই বিদেশ যাওয়ার আগে তওবা করে এবং দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম। আমি যুবক ভাইদের অনুরোধ করবো, আপনারা এই সর্বনাশা জুয়া খেলবেন না। এতে কেউ লাভবান হতে পারে না, সবাই ধ্বংস হয়।”

রাশেদের এই শুভবুদ্ধির উদয় হওয়ায় খুশি তাঁর পরিবার ও এলাকাবাসী। প্রতিবেশী জলিল গাজী বলেন, রাশেদ জুয়া খেলে দেনাগ্রস্ত হয়ে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। এখন সে ভুল বুঝতে পেরেছে এবং কাজের জন্য বিদেশ যাচ্ছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ ও মঙ্গল কামনা করি।

রাশেদের এই সাহসী ও সচেতনতামূলক পদক্ষেপকে স্থানীয় সচেতন মহল সাধুবাদ জানিয়েছেন, যাতে করে অন্য যুবকরাও এই মরণনেশা থেকে শিক্ষা নিতে পারে।

এ.এইচ/সকালবেলা

মন্তব্য করুন