দাবি না মানলে ডিসেম্বরের মধ্যে সরকার পতন: অলি আহমদ
বিশেষ প্রতিনিধি: জনগণের ন্যায্য দাবি ও সংকট সমাধান করা না হলে তীব্র আন্দোলনের মাধ্যমে চলতি ডিসেম্বরের মধ্যেই সরকারের পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় ১১-দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্নেল (অব.) অলি আহমদ বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, তীব্র গ্যাস-বিদ্যুৎ সংকট ও কর্মসংস্থানের অভাবে সাধারণ মানুষের জীবনযাত্রায় চরম দুর্ভোগ নেমে এসেছে। একই সঙ্গে অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতিতে দেশবাসী দিশাহারা হয়ে পড়েছে। এ সময় তিনি ‘বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে’ স্লোগান দিয়ে সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
কুমিল্লা মহানগরী জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. মাহবুবর রহমানের পরিচালনায় পথসভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব আলী হোসেন আকন্দ, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট যোবায়েব আহমেদ ভূঁইয়া এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আতিকুর রহমানসহ জোটের জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এআইএল/সকালবেলা