পীরগাছায় স্কুলছাত্রী অপহরণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে মোটরসাইকেলে তুলে অপহরণের অভিযোগে মো. আশিক মিয়া ওরফে আসাদুল হক (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার আশরাফ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার আশিক মিয়া উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রহমতচর এলাকার খাঁজা মিয়ার ছেলে। ভুক্তভোগী কিশোরী স্থানীয় শিবদেবচর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, স্কুলে যাতায়াতের পথে আশিক ওই কিশোরীকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। বিষয়টি পরিবারকে জানালে তাঁকে সতর্ক করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে গত ৮ আগস্ট রাতে বাড়ির সামনের রাস্তা থেকে কিশোরীকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যান আশিক ও তাঁর সহযোগী। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে ১৫ আগস্ট পীরগাছা থানায় একটি মামলা দায়ের করেন।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর থেকে আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এআইএল/সকালবেলা