ভারতে মসজিদ গুঁড়িয়ে দেওয়ায় ওয়াইসির তীব্র নিন্দা
সকালবেলা ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর কালেক্টরেট চত্বরের শতবর্ষী একটি মসজিদ বুলডোজার দিয়ে ভেঙে ফেলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বভারতীয় মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনের (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। ১৯১১ সালের ঐতিহাসিক নথিতে ওই স্থানে মসজিদের অস্তিত্বের প্রমাণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "কারো ব্যক্তিগত অপছন্দের কারণে আমাদের উপাসনালয় বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া যায় না।"
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ওয়াইসি প্রশ্ন তোলেন, ভারতে মুসলিমদের সাংবিধানিক ধর্মীয় স্বাধীনতা কি তবে আর অবশিষ্ট নেই? তিনি বলেন, মসজিদটি কালেক্টরেট ভবন নির্মাণের বহু আগেই স্থাপিত হয়েছিল এবং শত বছরের বেশি সময় ধরে সেখানে নিয়মিত নামাজ আদায় হয়ে আসছে। তামাদি আইন ও দীর্ঘদিনের নিরবচ্ছিন্ন দখলের ধারা অনুযায়ী এটি ওয়াকফ সম্পত্তি হিসেবে আইনি সুরক্ষা পাওয়ার কথা।
জেলা জজের আদালত মসজিদ কমিটির আপিল খারিজ করে দিলে গত ৪ সেপ্টেম্বর সাহারানপুর জেলা প্রশাসন মসজিদটি অপসারণের কাজ শুরু করে। এর আগে ১৭ জুলাই প্রশাসনিক আদালতের রায়ে মসজিদটিকে 'অবৈধ দখল' আখ্যা দিয়ে জমি অপব্যবহারের অভিযোগে প্রায় ৬ কোটি ৪১ লাখ রুপি ক্ষতিপূরণ আরোপ করা হয়।
ইতোমধ্যে এ ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সাহারানপুরের ডিআইজি অভিষেক সিং জানান, আইনশৃঙ্খলা রক্ষায় বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। অন্যদিকে, সমাজবাদী পার্টির সাংসদ ইকরা হাসানকে সেখানে যাওয়ার পথে গৃহবন্দি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদও এ পদক্ষেপের কড়া সমালোচনা করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন।
এআইএল/সকালবেলা