৭১ ও ২৪-এর গণশত্রু ক্ষমতার স্বার্থে একাকার: রাশেদ খান
সকালবেলা ডেস্ক: '৭১-এর গণশত্রু আর ২৪-এর গণশত্রু আজ ক্ষমতার স্বার্থে মিলেমিশে একাকার হয়ে গেছে' বলে তীব্র মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খান।
শনিবার (৫ সেপ্টেম্বর) নিজ ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে রাশেদ খান উল্লেখ করেন, জামায়াতের আমিরের আগামী ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণা এবং ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বক্তব্যের মধ্যে গভীর যোগসূত্র রয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন ও স্বতন্ত্র এমপি রুমিন ফারহানার সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের সরকারবিরোধী বার্তা দেওয়াকে তিনি একসূত্রে গাথা বলে দাবি করেন।
তিনি আরও লেখেন, আওয়ামী লীগ সরাসরি রাজপথে নেতৃত্ব দিতে ব্যর্থ হয়ে এখন জামায়াতের কাঁধে ভর দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। রাজনৈতিক ক্ষমতার স্বার্থেই আজ জামায়াত ও আওয়ামী লীগ পরস্পরের মিত্রে পরিণত হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
রাশেদ খান দাবি করেন, লংমার্চের নামে জামায়াত নেতারা চতুরতার সাথে আওয়ামী লীগ ও শেখ হাসিনার গণহত্যার বিচার প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বর্তমান বিএনপি সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। এর মাধ্যমেই প্রমাণ হয়, ৭১ ও ২৪-এর গণশত্রুরা আজ এক বিন্দুতে মিলিত হয়েছে।
এআইএল/সকালবেলা