জ্বালানি সংকটে দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ
সকালবেলা ডেস্ক: দেশের চলমান জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তিতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জ্বালানি সংকটকে পুঁজি করে কয়েকটি রাজনৈতিক দল দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী শাসন ও অন্তর্বর্তীকালীন আমলের বিভিন্ন সংকটকে সামনে এনে কিছু দল অপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। বিএনপি সব সময় রাজপথে থেকে জনগণের অধিকার আদায়ে সোচ্চার ছিল, গোপনে বা অপকৌশলে কিছু করেনি। রাজপথে না থেকে যারা গোপনে কর্মকাণ্ড চালিয়েছে, তারাই ফ্যাসিবাদের পুনর্বাসনে কাজ করছে কি না—তা নিয়ে এখন জনমনে প্রশ্ন জেগেছে।
বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার কঠোর অবস্থান বজায় রাখবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দেন, জনজীবনে বিশৃঙ্খলা বা কোনো ধরনের অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এআইএল/সকালবেলা