নাটোরে মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরি
বিশেষ প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়ায় একটি মসজিদের দানবাক্সের তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য রেকর্ড হলেও অভিযুক্তদের মুখ ঢাকা থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মসজিদ পরিচালনা কমিটির ক্যাশিয়ার কমর উদ্দিন জানান, ভোরে এক নারী দানবাক্সে টাকা দিতে গিয়ে সেটির তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়দের জানান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চুরির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
ফুটেজে দেখা যায়, ভোর ৩টা ৫৭ মিনিটে দুই ব্যক্তি মুখ ঢেকে মসজিদে প্রবেশ করে এবং দানবাক্সের তালা ভেঙে টাকা ব্যাগে নিয়ে ৪টা ৫ মিনিটে সটকে পড়ে। পরিচালনা কমিটি জানায়, দীর্ঘ এক বছর তিন মাস ধরে দানবাক্সটি খোলা হয়নি। ইতিপূর্বে তিন মাস পর পর দানবাক্স খোলার সময় প্রায় ৬৫ হাজার টাকা পর্যন্ত পাওয়া গিয়েছিল।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস জানান, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এআইএল/সকালবেলা