নেত্রকোনায় ইয়াবাসহ পাঁচ মাদক কারবারি আটক
মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদনে ১৪০ পিস ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর পয়েন্ট ও পৌর শহরের পৃথক এলাকা থেকে তাঁদের আটক করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন—তরিকুল ইসলাম (৩৯), আলী হোসেন (৪৩), সোহেল মিয়া (৩৫), আলম মিয়া (৩৫) ও মো. স্বপন মিয়া (৩৬)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা-পুলিশ পৌর শহরের জাহাঙ্গীরপুর পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করে। পরে তাঁদের দেহ তল্লাশি করে ১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই রাতে শহরের অপর এক অভিযানে ১০ পিস ইয়াবাসহ স্বপন মিয়াকে আটক করে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এআইএল/সকালবেলা