গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ণ
গোপালগঞ্জে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পলাশ চন্দ্র বিশ্বাস, গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে দীর্ঘ এক মাসব্যাপী আয়োজিত 'শীতলপুর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট'-এর গ্র্যান্ড ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৫ সেপ্টেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের পর্দা নামে।

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর উপস্থিত থেকে ফাইনাল ম্যাচটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনকালে তিনি বলেন, শহীদ জিয়া একজন সফল রাষ্ট্রনায়ক ছিলেন। তাঁর আদর্শ ও স্মৃতি শুধু ক্রীড়াঙ্গনে নয়, জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে দিতে হবে। দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আরিফ-উজ-জামান এবং জেলা পুলিশ সুপার হাবীবুল্লাহ। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে তরুণ সমাজের মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। এ সময় জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ফাইনাল খেলা শুরু হওয়ার আগেই পুরো স্টেডিয়াম দর্শকদের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। উপভোগ্য ও নির্ধারিত সময় শেষে বিজয়ী দলকে ট্রফি ও শিরোপা তুলে দেন অতিথিরা।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন