শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার: হুইপ দুলু

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ণ
শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার: হুইপ দুলু

নাটোর প্রতিনিধি: বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে এবং সদ্য ঘোষিত বাজেটে এ খাতে স্বাধীনতার পর সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রি কলেজে ৮৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতের ওপর নির্মিত একতলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হুইপ দুলু বলেন, বিগত ১৭ বছরে পূর্ববর্তী সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। একটি মেধাভিত্তিক ও স্বাবলম্বী জাতি গঠনে বাধা সৃষ্টির যে আন্তর্জাতিক চক্রান্ত ছিল, তা নস্যাৎ করে নতুন প্রজন্মকে দক্ষ হিসেবে গড়ে তুলতে কাজ করছে বর্তমান সরকার।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম ও কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেকসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।

এর আগে জেলা বিএনপি কার্যালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আরোগ্য কামনা এবং জেলা বিএনপির সাবেক আহ্বায়ক মরহুম আমিনুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন হুইপ দুলু।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন