এক্সপ্রেসওয়েতে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

প্রকাশ: শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ণ
এক্সপ্রেসওয়েতে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

স্টাফ রিপোর্টার: রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে স্কচটেপ পেঁচানো অবস্থায় উদ্ধার হওয়া সেই অচেনা লাশের পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি জামালপুরের ইসমাইল হোসেন (৪৮)। জমি বিক্রির সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে বাসে চড়ে গাজীপুর আসার পথে ছিনতাইকারীদের কবলে পড়ে তিনি নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে ধারণা করছে পরিবার।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পৌঁছে নিহতের স্বজনেরা ইসমাইলের লাশ শনাক্ত করেন। এর আগে শুক্রবার সকালে এক্সপ্রেসওয়ের ওপর মুখ ও চোখ স্কচটেপ পেঁচানো অবস্থায় তাঁর লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।

নিহতের ছেলে হাসান জানান, ছোট বোনের বিয়ে ও পারিবারিক ঋণ শোধের জন্য তাঁদের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার হবদেশ গ্রামের জমি সাড়ে ১০ লাখ টাকায় বিক্রি করেন তাঁর বাবা। ঋণ পরিশোধ ও ঘর নির্মাণের পর বাকি প্রায় সাড়ে ৫ লাখ টাকা সাথে নিয়ে বৃহস্পতিবার রাতে গাজীপুরের উদ্দেশ্যে জামালপুর থেকে বাসে ওঠেন ইসমাইল। শুক্রবার সকালে আশুলিয়ার জিরানী বাসস্ট্যান্ডে তাঁকে নামতে না দেখে এবং স্বজনদের ফোন বন্ধ পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। পরে দুপুরের দিকে পুলিশের মাধ্যমে তাঁর মৃত্যুর সংবাদ মেলে।

স্বজনদের ধারণা, বাসে যাতায়াতের সময় তাঁর কাছে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি কোনো ছিনতাইকারী চক্র টের পেয়ে অপহরণ করে। পরে টাকাপয়সা ছিনিয়ে নিয়ে তাঁকে শ্বাসরোধে হত্যা করে এক্সপ্রেসওয়ের ওপর ফেলে রেখে যায়।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম তালুকদার জানান, প্রাথমিক আলামতে ইসমাইলকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন