আজ থেকে শুরু হচ্ছে নতুন সরকারের যাত্রা, প্রস্তুত সচিবালয়

আজ থেকে শুরু হচ্ছে নতুন সরকারের যাত্রা, প্রস্তুত সচিবালয়

যাত্রা শুরু করলো বিএনপি নেতৃত্বাধীন তারেক রহমান সরকারের কার্যক্রম। গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় মন্ত্রিসভার সদস্যদের শপথগ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হলেও আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে প্রশাসনিক কার্যক্রম।

সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে অফিস শুরু হলেও প্রধানমন্ত্রী দুপুর ১২টার পরে সচিবালয়ে পৌঁছাবেন। জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের দ্বিতীয় তলায় ২০১ নম্বর কক্ষ প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য এবং ২০০ নম্বর কক্ষটি ব্যবহৃত হবে সভাকক্ষ হিসেবে।

প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও নিজ নিজ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শুরু করবেন। এ উপলক্ষে সচিবালয়ে ব্যস্ততা বেড়েছে। প্রধানমন্ত্রীর কক্ষ ও সভাকক্ষ গোছানোর কাজ চলছে জোরেশোরে।

সচিবালয়জুড়ে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আজ দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ থাকবে। পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। প্রধানমন্ত্রীর আগমনের সঙ্গে বিশেষ নিরাপত্তা দলও দায়িত্ব নেবে। কর্মকর্তা-কর্মচারীদের চলাচলেও থাকবে নিয়ন্ত্রণ।

সকাল ১০টায় গুলশানের বাসভবন থেকে সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে সচিবালয়ে এসে সচিবদের সঙ্গে বৈঠক করবেন। বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে প্রথম মন্ত্রিসভা বৈঠক।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন