বিলবোর্ড থেকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা ও ব্যানার অপসারণের নির্দেশ

বিলবোর্ড থেকে প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা ও ব্যানার অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন সড়কে বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুনে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে টানানো বিজ্ঞাপন এবং ছবি দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সকালে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তিনি এই বিশেষ নির্দেশনা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বের হওয়ার সময় হাতিরঝিল এলাকায় পুলিশ প্লাজার সামনে তাঁর ছবি সম্বলিত বড় ব্যানার দেখতে পান। তিনি তৎক্ষণাৎ গাড়ি থামিয়ে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং তাঁর উপস্থিতিতেই ব্যানারটি অপসারণ করা হয়।

প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে বিভিন্ন কোম্পানি বা ব্যক্তি তাঁকে অভিনন্দন জানিয়ে যেসব বিজ্ঞাপন বা ছবি প্রদর্শন করছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলতে হবে। তিনি সরকারি বা বেসরকারি কোনো পর্যায়েই তাঁর ছবি ব্যবহার করে এই ধরনের প্রচারণাকে উৎসাহিত করতে চান না।

উল্লেখ্য, মঙ্গলবার প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর কার্যালয়ে অফিস করেন। তিনি সকাল ৯টা ১৫ মিনিটে নির্ধারিত সময়েই অফিসে যোগ দেন। সরকারি কাজে গতিশীলতা আনা এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে তিনি নিয়মিতভাবে ব্যক্তিগত শোডাউন বা প্রচারণার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপকে রাজনৈতিক অঙ্গনে 'ব্যক্তিবন্দনা' পরিহারের একটি ইতিবাচক উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

এম.এম/সকালবেলা

মন্তব্য করুন