ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: দেশবরেণ্য প্রখ্যাত ইসলামী বক্তা মাওলানা মীর মো. হাবিবুর রহমান যুক্তিবাদী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩ মার্চ) সকাল পৌনে আটটার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী তার গভীর জ্ঞান এবং যুক্তিনির্ভর অসাধারণ বয়ানের জন্য দেশ ও বিদেশে বিপুল পরিচিতি লাভ করেন। ইসলামের বিধি-বিধানগুলোকে অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরার কারণে তার নামের সঙ্গে ‘যুক্তিবাদী’ শব্দটি যুক্ত হয়। নব্বইয়ের দশকের পর থেকে তার কণ্ঠ ও উপস্থাপনা শৈলী সারাদেশে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের সমাগম ঘটত।
মাওলানা যুক্তিবাদী ১৯৪টি সালে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বারুদী গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ছারছীনা দরবারের পীর আল্লামা নেছার উদ্দীনের খলিফা মাওলানা মীর মনিরুদ্দীন। তিনি নিজ গ্রামেই নেছারিয়া আলিম মাদরাসা থেকে দাখিল ও আলিম সম্পন্ন করেন। এরপর নারায়ণগঞ্জ কামিল মাদরাসা থেকে ফাজিল এবং ঢাকার প্রাচীন বিদ্যাপীঠ সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে কামিল পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবন শেষ করেন।
মাওলানা মীর হাবিবুর রহমান শুধু দেশেই নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও ইসলামের সুমহান বার্তা ছড়িয়ে দিয়েছেন। তিনি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিশ্বের বিভিন্ন দেশ সফর করে পবিত্র কুরআন ও সুন্নাহর বাণী প্রচার করেছেন। তার সুললিত কণ্ঠের বয়ান আজও বহু মানুষের হৃদয়ে গেঁথে আছে।
বরেণ্য এই আলেমের মৃত্যুতে দেশের ধর্মীয় ও আলেম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন ইসলামী সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ