ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুর শহরের রেলস্টেশন বাজার বস্তি এলাকায় পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে রাজু ওরফে বাটুল রাজু (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (২ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত রাজু শহরের ২ নম্বর কুটিবাড়ী মুসলিম কলোনি এলাকার বাবলু কসাইয়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত পৌনে ১০টার দিকে রেলস্টেশন বাজার বস্তি এলাকায় রাজুর ওপর হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিনের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রাজুকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ট্রমা সেন্টারে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৩০ মিনিটে তাঁর মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে এ ঘটনায় জড়িত সন্দেহে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ আরও জানিয়েছে, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ